[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার ভ্যাকসিনে মিলছে আশাব্যঞ্জক ফল, প্রথম রোগীর ইতিবাচক সাড়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ৬:৫৫ পিএম

সংগৃহীত ফাইল

রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) মেলানোমা ক্যানসার ভ্যাকসিনের প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির গবেষকরা।

 তাদের দাবি, পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন নেওয়া প্রথম রোগীর শরীরে প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

 

গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, ‘নিওনকোভ্যাক’ নামের এমআরএনএভিত্তিক এই ভ্যাকসিন গ্রহণের পর রোগীর শরীর ক্যানসার কোষের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে শুরু করেছে। চিকিৎসা এখনো চলমান এবং রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে। পুরো সময়জুড়ে তার রোগপ্রতিরোধ ক্ষমতার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

 

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর দুটি নতুন ব্যক্তিকেন্দ্রিক ক্যানসার চিকিৎসাপদ্ধতির অনুমোদন দেয়। এর একটি উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি নিওনকোভ্যাক, অন্যটি কোলরেক্টাল ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ অনকোপেপ্টি।

 

চলতি বছরের এপ্রিল মাসে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ের মেলানোমা ও মেটাস্টেসিসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক রোগীর শরীরে প্রথমবারের মতো নিওনকোভ্যাক প্রয়োগ করা হয়। পরে চিকিৎসকদের মূল্যায়নে দেখা যায়, তার শরীরে টিউমারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।

 

গিনজবার্গ আরও জানান, বর্তমানে আরও ১০ জন রোগীর জন্য তাদের টিউমারের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক ভ্যাকসিন প্রস্তুতের কাজ চলছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে এসব ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির মূল লক্ষ্য ক্যানসার কোষকে সরাসরি ধ্বংস করা নয়; বরং রোগীর নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে সক্রিয় করা, যাতে তা ক্যানসার কোষ শনাক্ত করে আক্রমণ করতে পারে। এজন্য রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা বিশ্লেষণ করে ব্যক্তিভেদে আলাদা ভ্যাকসিন তৈরি করা হয়।

 

এদিকে রুশ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোলরেক্টাল ক্যানসারের জন্য তৈরি অনকোপেপ্টি ওষুধ ব্যবহারকারী রোগীদের শরীরেও ইতিবাচক রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে গ্যামালেয়া ইনস্টিটিউট।

এসআর

সম্পর্কিত খবর