মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের তথ্যমতে, বুধবার (১ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে
টেলিফোনে চলমান ইরান যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি নয় বরং পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে তাদের প্রস্তাব পাঠিয়েছে।
তেহরানের কাছে পাঠানো প্রস্তাবের মধ্যে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু ছোট বার্তা আদান-প্রদান হলেও মার্কিন প্রস্তাবগুলো অত্যন্ত 'অবাস্তবসম্মত'।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়, যাতে ইরানের দাবি অনুযায়ী অন্তত ১ হাজার ৩০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।
হামলার প্রতিবাদে ইরান ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক ও আরব উপসাগরীয় দেশগুলোর সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত শুরু করে।
ইরানের এই পাল্টা হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
এই ফোনালাপের বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এসআর