[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

একমাত্র সন্তানকে হারিয়ে লাশও পেলেন না বাবা-মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ২:৩৩ পিএম

অবৈধপথে ইতালি যাওয়ার পথে নিহত হন ফাহিম

স্বপ্ন নিয়ে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত নির্মম পরিণতির শিকার হলেন সুনামগঞ্জের এক তরুণ।

ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারান ১৯ বছর বয়সী মোহাম্মদ আবু ফাহিম, যার মরদেহও খুঁজে পাননি তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কবির নগর গ্রামের বাসিন্দা ফাহিম ছিলেন পরিবারের একমাত্র সন্তান।

প্রবাসে থাকা বাবার কষ্ট লাঘব এবং সংসারের অবস্থার উন্নতির আশায় সম্প্রতি লিবিয়া যান তিনি। সেখান থেকে ইউরোপে প্রবেশের স্বপ্নে বিপজ্জনক সাগরপথে যাত্রা শুরু করেন।


জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে একটি ছোট নৌকায় করে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি পথ হারিয়ে ফেলে এবং টানা কয়েকদিন ভাসতে থাকে। খাবার ও পানির তীব্র সংকটে পড়েই একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফাহিম।


মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন তিনি।

সেখানে মায়ের কথা স্মরণ করে আবেগঘন বার্তা লেখেন, যা এখন পরিবারের কাছে হয়ে আছে শেষ স্মৃতি।


একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। মা হেলেনা বেগম বারবার অজ্ঞান হয়ে পড়ছেন, আর বাবা ফয়েজ উদ্দিন শোক সহ্য করতে না পেরে বর্তমানে সৌদি আরব-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ শোক প্রকাশ করে বলেন, ইউরোপে যাওয়ার স্বপ্নে এমন অনিরাপদ পথে পা না বাড়াতে সবার সচেতন হওয়া জরুরি।


এই ঘটনা আবারও প্রমাণ করল, উন্নত জীবনের আশায় অবৈধ বা ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একটি পরিবারের সব স্বপ্নই যেন সাগরের ঢেউয়ে হারিয়ে গেল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর