[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালিতে আটকে থাকা ৬ বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি পেল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ২:১৬ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে অবশেষে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বর্তমানে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে দুই দেশ যৌথভাবে কাজ করছে।


জাহাজে থাকা বাংলাদেশি নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সহায়তার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।


তবে সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, শুধু উদ্বেগ প্রকাশ নয়, বরং সংঘাতের জন্য দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান প্রত্যাশা করে ইরান।


তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং যেকোনো সংকটে দুই দেশ একে অপরের পাশে থাকবে—এমনটাই প্রত্যাশা।


বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলের অনুমতি পাওয়ায় বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কমবে।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জাহাজগুলোও সেখানে আটকে পড়ে।


বর্তমানে জাহাজগুলোর যাত্রা তদারকিতে ইরানের নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

পাশাপাশি বাংলাদেশ সরকারও নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে জাহাজগুলো নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছাতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর