মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং মার্কিন ডলারের মান কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মূলত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংশ্লিষ্ট সাম্প্রতিক মন্তব্যের পর ডলার কিছুটা দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৮৫.৭৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ৪,৭২৩.২১ ডলার পর্যন্ত উঠেছিল, যা গত ২০ মার্চের পর সর্বোচ্চ দর। পাশাপাশি এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৮ শতাংশ বেড়ে ৪,৭১৩.৪০ ডলারে লেনদেন হচ্ছে। ডলার সূচক ০.২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে স্বর্ণ কেনা আগের চেয়ে সাশ্রয়ী হয়ে উঠেছে, যা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করেছে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্য বাজার পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হতে পারে।
মারেক্স-এর বিশ্লেষক অ্যাডওয়ার্ড মেয়ার জানান, যুদ্ধ শেষের এই সম্ভাবনা শেয়ারবাজারকে যেমন চাঙ্গা করেছে, তেমনি স্বর্ণের বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও সুদের হার বৃদ্ধির সম্ভাবনা স্বর্ণের এই ঊর্ধ্বগতিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে স্বর্ণের দামে প্রায় ১১ শতাংশের বড় পতন হয়েছিল, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ মাসিক পতন হিসেবে রেকর্ড করা হয়। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও ডলারের ওঠানামা স্বর্ণের বাজারকে আবারও অস্থির করে তুলেছে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও এদিন রূপার দাম ০.৮ শতাংশ কমেছে, তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
এসআর
মন্তব্য করুন: