ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের হামলা হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে এমন কঠোর বার্তা দিয়েছে দেশটি।
রোববার (২২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ অবস্থান জানায়। এতে বলা হয়, পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হলে প্রণালিটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের অবকাঠামোতে হামলা হলে প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা ও তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের আঘাত হানা হতে পারে। একই সঙ্গে অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপের পর থেকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারছে না।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের বেশি হয়েছে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র নানা উদ্যোগ নিচ্ছে এবং ইরানকে সতর্ক করে আসছে। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সংশ্লিষ্ট কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না।
এসআর
মন্তব্য করুন: