ইরান-ইসরাইল চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশে ছুটিতে থাকা মধ্যপ্রাচ্যগামী কিছু প্রবাসী কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দেশ।
শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে অনেক প্রবাসী কর্মী বাংলাদেশে অবস্থান করছেন।
তাদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা অচিরেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা এখনই সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছেন না।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্ত্রণালয় জানায়, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ অতিরিক্ত এক মাস বৃদ্ধি করেছে।
এছাড়া সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অনেক ক্ষেত্রে অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: