[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

ইরানে নেতৃত্ব পরিবর্তনের কথা বললেন ট্রাম্প, খামেনিকে ইঙ্গিত করে কঠোর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৭:১০ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও তাতে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে দেশটিতে নতুন

 নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে দেশটির জন্য নতুন নেতৃত্বের সময় এসেছে। বিক্ষোভ দমনের নামে ব্যাপক সহিংসতা ব্যবহারের জন্য তিনি খামেনির তীব্র সমালোচনা করেন।


ট্রাম্পের ভাষায়, একটি দেশের নেতৃত্ব মানে জনগণের শ্রদ্ধা অর্জন করা, ভয় সৃষ্টি করা নয়।

ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা করা দায়িত্বশীলতার বিষয়—যেখানে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।


এদিকে ট্রাম্পের এই মন্তব্যের আগেই তাকে কড়া ভাষায় আক্রমণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে দাবি করেন, ইরানের জনগণের ওপর চলমান সংকট ও ধ্বংসযজ্ঞের পেছনে যুক্তরাষ্ট্রের নীতিই দায়ী।


উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা জানুয়ারির শুরুতে সহিংস রূপ নেয়। নিরাপত্তাবাহিনীর কঠোর অভিযানের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর