দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (মহানগরসহ) সর্বাধিক ৫৮৮ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭ এবং সিলেটে ১৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৩৯ জন ডেঙ্গু রোগী। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ২ হাজার ৫৯৮ জন, খুলনায় ৯৭৩, বরিশালে ৬৯১, রাজশাহীতে ৬৫২, চট্টগ্রামে ৪০২, ময়মনসিংহে ২৩৭, রংপুরে ২২৬ এবং সিলেটে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এক দিনে সাতজনের মৃত্যু এবং দেড় হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এফ/ডি