দেশে হামের উপসর্গ নিয়ে গত এক দিনে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় আরও ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১ হাজার ৩২ জন।
এ ছাড়া এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এসআর