দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে। এ সময়ের মধ্যে পরীক্ষায় মোট ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৮ জনের।
এসআর