দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন
করে আরও ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন (সর্বমোট ১০৬৪ জন)।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে। এই সময়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন এবং ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৬ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু দাঁড়িয়েছে ১০১ জনে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৯৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট পরিসংখ্যানেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ—এখানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ৩১৪ জন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, সিলেটে ১৪ হাজার ৯৩৫, খুলনায় ১২ হাজার ২৭৭, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন।
এসআর