[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১,০৪৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং সন্দেহজনক হাম নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক রোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আরও ১ হাজার ২৪৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।

সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪২৬ জন।

এরপর সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে দাঁড়াল।

এসআর

সম্পর্কিত খবর