দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জনের মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭০৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৫৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬ জন।
এছাড়া, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। এখন পর্যন্ত ১,৯৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ জোরদার করা হয়েছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর