[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

একাই নদী পরিষ্কার করতে নেমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেলেন ভারতীয় তরুণ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১:১৫ এএম

সুরেন্দ্র সিং চৌধুরী

দূষণে বিপর্যস্ত একটি নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী।

দূষণে বিপর্যস্ত একটি নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী।

‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের পরিবেশবান্ধব উদ্যোগ এবার আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। তার কাজ দেখে মুগ্ধ হয়ে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এ কাজের প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাট।

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী দীর্ঘদিন ধরে নানা ধরনের বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল।

নদীর বিভিন্ন অংশে জমেছিল প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য আবর্জনা। নদীর তীরে থাকা একটি স্থানীয় মন্দিরের আশপাশের পরিবেশও হয়ে উঠেছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। দুর্গন্ধের কারণে দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতি পরিবর্তনে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র। চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি আনুষ্ঠানিকভাবে নদী পরিষ্কারের কাজ শুরু করেন।

প্রথম দিকে কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরবর্তী সময়ে প্রায় একাই কাজ চালিয়ে যেতে হয় তাকে। হাতে থাকা সাধারণ সরঞ্জাম ব্যবহার করেই নদীতে নেমে একের পর এক আবর্জনা তুলে পরিষ্কার করতে থাকেন তিনি। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়েছে তাকে। এমনকি সাঁতারও জানতেন না সুরেন্দ্র। তারপরও পরিবেশ রক্ষার সংকল্প থেকে পিছু হটেননি।

নদী পরিষ্কারের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য নিজের জমানো অর্থ ব্যয় করেন তিনি। দিনের পর দিন পানিতে নেমে কাজ করার ফলে তার শরীরেও নানা সমস্যা দেখা দেয়।

বিভিন্ন সময় শরীরের কিছু অংশে সংক্রমণ ও ত্বকে চুলকানির সমস্যা হয়। নদীতে কাজ করতে গিয়ে কয়েকবার সাপেরও মুখোমুখি হয়েছেন তিনি।

সুরেন্দ্রের এই ব্যতিক্রমী উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে পরিবেশকর্মী ও উদ্যোক্তা বোয়ান স্লাটের।

তরুণটির কাজের প্রশংসা করে তাকে নিজের প্রতিষ্ঠান ‘দ্য ওশান ক্লিনআপ’-এ কাজ করার আমন্ত্রণ জানান তিনি।

সুরেন্দ্র সাধারণ পরিবারের সন্তান। বাবা-মায়ের সঙ্গে বসবাসকারী এই তরুণ বর্তমানে স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

নিজের এলাকার একটি দূষিত নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে শুরু করা তার কাজ এখন আন্তর্জাতিক একটি পরিবেশ সংস্থার দৃষ্টিতে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর