স্বস্তির বার্তা নিয়ে দেশের দিকে এগিয়ে আসছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয়ের প্রভাব শুরু হতে পারে।
এর ফলে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এ। এছাড়া রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ-এর কিছু অংশেও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে প্রবেশ করে বৃষ্টিবলয়টি ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চল অতিক্রম করে ১৮ মার্চের দিকে উপকূলীয় এলাকা দিয়ে সরে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিবলয়ের প্রভাবে কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকার আশঙ্কাও রয়েছে।
এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে সামান্য পাহাড়ধসের ঝুঁকি থাকতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। তবে এই বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চৈত্র মাসের এই বৃষ্টি কৃষি খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের প্রয়োজনীয়তা আংশিকভাবে পূরণ হতে পারে। আকাশ মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে, যদিও দক্ষিণাঞ্চলে মাঝেমধ্যে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ মার্চ থেকে শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে এবং ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: