[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিচ্ছেদের জল্পনার মধ্যেই একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া, লাল শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে দূরত্ব ও বিচ্ছেদের গুঞ্জন ঘিরে আলোচনায় ছিলেন বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

এবার এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দীপাবলি আয়োজনে স্বামীর হাত ধরে উপস্থিত হন ঐশ্বরিয়া।

 

৫ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুজনের একসঙ্গে উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

 

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পরনে ছিল মণীশ মালহোত্রার নকশা করা গাঢ় লাল রঙের শিফন সিল্ক শাড়ি। সোনালি জরির কারুকাজ ও সিকুইন সাজে শাড়িটি ছিল বেশ আকর্ষণীয়। এর সঙ্গে গলায় কুন্দন-পোলকির গয়না, কানে দুল ও হাতে মানানসই চুড়ি পরেছিলেন তিনি। খোলা চুল ও লাল লিপস্টিকে তার সাজে যোগ হয় বাড়তি মাত্রা।

 

অন্যদিকে ঐশ্বরিয়ার সাজের সঙ্গে মিল রেখে অভিষেক বেছে নেন কালো রঙের নকশা করা শেরওয়ানি ও ফরমাল ট্রাউজার্স।

 

অনুষ্ঠানে প্রবেশের সময় দুজনকে হাত ধরে এগিয়ে যেতে দেখা যায়। আলোকচিত্রীদের সামনে একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। আলাদা ছবি তোলার অনুরোধ এড়িয়ে একসঙ্গেই ক্যামেরার সামনে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই দম্পতি। পুরো আয়োজনেই তাদের হাসিমুখে কথা বলতে দেখা গেছে।

 

মণীশ মালহোত্রার এই অনুষ্ঠানে কারিনা কাপুর, সাইফ আলি খান, অক্ষয় কুমার ও মাধুরী দীক্ষিতসহ বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। তবে অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে আসার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতির ভিডিও নিয়েও চলছে আলোচনা।

 

অভিষেক ও ঐশ্বরিয়ার পরিচয় হয় নব্বইয়ের দশকের শেষ দিকে একটি ফটোশুটের মাধ্যমে। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। পরবর্তী সময়ে ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম ২’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

 

২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১১ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্যা বচ্চন। বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে।

এফ/ডি

সম্পর্কিত খবর