[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সমালোচনা ও ক্যারিয়ার নিয়ে খোলাখুলি কথা বললেন রাশমিকা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ১০:৪৭ এএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বলিউড—সবখানেই এখন ব্যস্ততা ও সাফল্যের চূড়ায়

 রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেও প্রতিনিয়ত তাকে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়। কখনো অভিনয় নিয়ে প্রশ্ন, আবার কখনো উচ্চারণের সীমাবদ্ধতা নিয়ে নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব সমালোচনা নিয়ে একদম খোলাখুলি জবাব দিয়েছেন ‘এনিম্যাল’ খ্যাত এই তারকা।

​সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাশমিকা তার কেরিয়ারের শুরুর দিনগুলোর সংগ্রাম ও সমালোচনার জবাব দেন।

​তিনি জানান, সিনেমা জগতে পা রাখার পর থেকেই তাকে কোনো না কোনো কারণে নিয়মিত সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনো তার অভিনয়, কখনো ভাষা আবার কখনো উচ্চারণ নিয়ে কথা উঠেছে। তবে তিনি নিজের জন্য কখনোই কোনো নির্দিষ্ট সীমারেখা টানতে চাননি। একটিমাত্র ইন্ডাস্ট্রি বা নির্দিষ্ট কোনো ভাষায় সীমাবদ্ধ না থেকে সব ধরনের ইন্ডাস্ট্রিতে এবং সব ভাষায় কাজ করতে চেয়েছেন তিনি।

​ক্যারিয়ারের বৈচিত্র্য নিয়ে কথা বলতে গিয়ে ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী বলেন, শুরু থেকেই তিনি নানা ধরনের ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চেয়েছেন। বর্তমানে ‘এনিম্যাল’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের দুটি দারুণ সিনেমার অংশ হতে পেরে তিনি একজন অভিনেত্রী হিসেবে পূর্ণ তৃপ্তি পান।

​এদিকে হিন্দি সিনেমায় কাজ করার সময় রাশমিকার উচ্চারণ নিয়ে প্রায়ই আলোচনা ও সমালোচনা হয়। অনেক সমালোচকের মতেই তার হিন্দিতে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। এই প্রসঙ্গে রাশমিকা আত্মবিশ্বাসী সুরে জানান, এ নিয়ে তার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যেহেতু তিনি দক্ষিণ ভারতেরই মানুষ, তাই তার কথায় সেই আঞ্চলিক টান থাকাটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করা বরং একেবারেই অযৌক্তিক।

​উল্লেখ্য, ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা জুটির নতুন সিনেমা ‘রানাবালি’। যদিও বক্স অফিসে সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারছে না।

এসআর

সম্পর্কিত খবর