ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার একসঙ্গে যুক্তরাষ্ট্র যাত্রা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
তবে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে নয়, নিউইয়র্কে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই তাঁরা যুক্তরাষ্ট্রে গেছেন। মিথিলার ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা গেছে। ইতোমধ্যে দুই তারকা গন্তব্যে পৌঁছেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিমানে তোলা কয়েকটি ছবি প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের প্রচারপোস্টারও শেয়ার করেন মিথিলা। ক্যাপশনে তিনি ‘রকস্টার’ সিনেমায় তাঁদের অভিনীত দুই চরিত্রের নাম উল্লেখ করে নিউইয়র্কে দেখা হওয়ার কথা জানান।
শাকিব খান ও মিথিলা অভিনীত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে, মিথিলা অভিনয় করেন এলিনা চরিত্রে। সেই দুই চরিত্রের নাম ব্যবহার করেই ভক্তদের কাছে তাঁদের আসন্ন অনুষ্ঠানে উপস্থিতির খবর তুলে ধরেন অভিনেত্রী।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তানজিয়া জামান মিথিলারও।
দুই তারকার একসঙ্গে এই সফর এবং পুরস্কার অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
এসআর