২০১৭ সালে প্রকাশিত জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম পরিচয়
হয়েছিল সংগীতশিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী-মডেল শেহতাজ মনিরা হাশেমের। কাজের মাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় সখ্য ও ভালোবাসায়। প্রায় পাঁচ বছর প্রেম করার পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি অভিজাত রিসোর্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি।
বিয়ের পর দাম্পত্য জীবন বেশ সুন্দরভাবেই চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত উপস্থিতি ও একসঙ্গে কাটানো চমৎকার মুহূর্তগুলো ভক্তদের নজর কাড়ত। ২০২৩ সালে নতুন সংসারে থিতু হওয়ার পাশাপাশি দুজনেই যার যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এরই মধ্যে কোক স্টুডিও বাংলা এবং ‘তুফান’ সিনেমার গানের পর প্রীতমের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। এরপর 'বরবাদ' ও 'প্রিন্স' সিনেমার হিট গান, নিয়মিত স্টেজ শো এবং দেশ-বিদেশের ব্যস্ততায় প্রীতমের পেশাগত জীবনে বড় পরিবর্তন আসে।
তবে প্রকাশ্যে সব স্বাভাবিক মনে হলেও অন্তরালে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে। ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে প্রীতমের ক্যারিয়ারের আকস্মিক পরিবর্তন এবং অতিরিক্ত ব্যস্ততারও যোগসূত্র ছিল। দীর্ঘ বোঝাপড়ার অভাব ও মতপার্থক্য তৈরি হওয়ায় অবশেষে দুজনে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তা দিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রীতম ও শেহতাজ। ১০ বছরের দীর্ঘ পথচলা এবং চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে পারস্পরিক সম্মতিতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। শুভাকাঙ্ক্ষীদের আকস্মিক মনে হলেও পরিপক্ব বোঝাপড়ার মাধ্যমেই সম্পর্কের ইতি টেনেছেন এই জুটি।
এসআর