[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিয়ের দেড় বছর পর ম্যারেজ রেজিস্ট্রি, কারণ জানালেন আদার জৈন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৯ পিএম

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আদার জৈন ও অভিনেত্রী আলেখা আদভানি বিয়ের প্রায় দেড় বছর পর আনুষ্ঠানিকভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক ও ধর্মীয় রীতিতে তাদের বিয়ে হলেও এতদিন আইনি নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

 

সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা শেষ করেন এই তারকা দম্পতি। পরে বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা।

 

ছবিগুলোর সঙ্গে দেওয়া মজার ক্যাপশনে আদার ও আলেখা জানান, তাদের ‘ট্রায়াল পিরিয়ড’ শেষ হয়েছে এবং এবার সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে আইনি স্বীকৃতি পেয়েছে। নিজেদের ‘মিস্টার অ্যান্ড মিসেস জৈন’ হিসেবেও উল্লেখ করেন তারা।

 

পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে প্রশ্ন দেখা দেয়—তাহলে কি এতদিন তারা আইনগতভাবে বিবাহিত ছিলেন না? মূলত ২০২৫ সালে বিয়ের সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সরকারি নিবন্ধন তখনো বাকি ছিল। এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করলেন তারা।

 

আদার জৈন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের সদস্য এবং কিংবদন্তি নির্মাতা রাজ কাপুরের নাতি। ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। পরে ‘হ্যালো চার্লি’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।

 

আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন আদার। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আলেখার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়েতে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ আম্বানি পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 

এবার বিয়ের আইনি নিবন্ধনও সম্পন্ন হওয়ায় আদার ও আলেখার দাম্পত্য সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নতুন একটি ধাপ অতিক্রম করল।

এসআর

সম্পর্কিত খবর