জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শেষ জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পূর্ণ পারিবারিক আবহে সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার
আব্দুল্লাহপুর গ্রামে সম্পন্ন হয়েছে। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর রোববার বিকেলে বিমানযোগে তার মরদেহ ঢাকায় আনা হয়।
ঢাকায় তিনটি জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই মরদেহ গজারিয়ায় তার নানির বাগানবাড়িতে নিয়ে আসা হয়। সোমবার সকালে ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে শেষ জানাজা শেষে নানির বাগানবাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যক্তিগত ও প্রচারমুক্ত রাখতে মোবাইল, ক্যামেরা বা গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার দেওয়া হয়নি।
দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ অতিরিক্ত লোকসমাগম ও প্রচার থেকে দূরে থেকে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য এই গোপনীয়তার কথা উল্লেখ করে সবার সহযোগিতা ও সহানুভূতি কামনা করেন। উল্লেখ্য, অকালপ্রয়াত কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা এবং গজারিয়ার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনি।
এসআর