ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ রোববার (১৭ মে) বিকালে ইউএস-বাংলা
এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে কারিনাদের নিজেদের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বাদ মাগরিব বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনার নানার বাড়িতে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে, লিভারজনিত মারাত্মক জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এসআর