[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

সেনাবাহিনীতে চাকরির আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, ববিতে আটক ব্যক্তি

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

 

অভিযুক্ত ব্যক্তির নাম বিনয় সুর। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

 

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ভোলারোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বরিশাল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা ও শিক্ষার্থীরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বিনয় সুর নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ কথা বলে ওই শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকা নেন তিনি।

 

এ ছাড়া স্থানীয় আরও চার থেকে পাঁচজনের কাছ থেকেও প্রায় ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শনিবার আবারও টাকা নিতে ওই এলাকায় এলে তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয়রা একত্র হয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফ/ডি

সম্পর্কিত খবর