[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১:১২ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার।

 সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

গত ২ জুলাই শুরু হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে নিবন্ধিত পরীক্ষার্থীদের সবাই পরীক্ষায় উপস্থিত ছিলেন না।

যেভাবে জানা যাবে ফলাফল

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

পাশাপাশি অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

এ ছাড়া মোবাইল ফোনে খুদেবার্তা বা এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহের সুযোগ থাকছে।

এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজের ফরম্যাট হবে: HSC DHA 123456 2026। এটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

অন্যদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর