চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ সময়সূচি জানানো হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে বিভিন্ন কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
যেভাবে ফলাফল দেখবেন
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা সম্ভব। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে।
এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
যারা প্রকাশিত ফলে সন্তুষ্ট হবেন না, তারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি, ফি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসআর