[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

জানুয়ারিতে নতুন বইয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং শিক্ষা খাতের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটিকে আরও কার্যকর করার লক্ষ্যে সরকার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

 

আগামী বছরের পাঠ্যবইয়ের মান নিয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই তৈরিতে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। মানসম্মত না হওয়ায় ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে।

 

কোনো প্রকাশকের সরবরাহ করা বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও অনিয়ম, ত্রুটি বা দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা জানান মন্ত্রী।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর