‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোসহ সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান থেকে মনোনয়ন প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া—এসবের পাশাপাশি পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রও পুরস্কারের আওতাভুক্ত।
মনোনয়ন প্রস্তাব তৈরির ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনোনয়ন সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় জমা দিতে হবে।
এ ছাড়া মনোনয়ন প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে। সফটকপি Nikosh ফন্টে প্রস্তুত করে নির্ধারিত ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর