[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

একাদশে দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, থাকছে যেসব সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

এ ধাপে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সুযোগ না পাওয়া শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েকটি শ্রেণির শিক্ষার্থী দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ পাবেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

 

প্রথম ধাপে আবেদন না করা শিক্ষার্থীরা এ ধাপে নতুন করে আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রথম দফায় আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

 

এ ছাড়া প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও নির্বাচন নিশ্চায়ন করতে না পারা অথবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্বাচনের কারণে মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও এ সুযোগ রাখা হয়েছে।

 

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তাঁদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। এসব শিক্ষার্থী ভর্তি ওয়েবসাইটে লগইন করে নতুন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।

 

শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। কলেজের খালি আসন বিবেচনায় নিয়ে অন্তত পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

 

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর