স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে উঠান বৈঠকের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সচেতনতামূলক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (CAP)।
আলোচনায় স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সম্ভাব্য ঝুঁকি, প্রতিরোধের কৌশল এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ও নারীস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
উঠান বৈঠকে ক্যান্সার নিয়ে সমাজে প্রচলিত নানা ভুল ধারণা ও সংকোচ দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিজেদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে সংগঠনের সদস্যরা এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন।
সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অদিতি ঢালীসহ CAP-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন জান্নাতুল মাওয়া ও মোহনা আফরিন মুন্নি। জরায়ুমুখ ক্যান্সার নিয়ে বক্তব্য দেন লিজা আক্তার। প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন অদিতি ঢালী। কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ফারিহা তাসনিম।
সাধারণ সম্পাদক অদিতি ঢালী বলেন, নতুন কমিটির প্রথম উঠান বৈঠকটি নানা সীমাবদ্ধতার মধ্যেও আয়োজন করা হয়েছে। ত্রিবেণীর নারীদের ক্যান্সার ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, একজন নারী শুরুতে সংকোচের কারণে নিজের সমস্যার কথা বলতে পারছিলেন না। পরে আবেগাপ্লুত হয়ে তিনি বিষয়টি জানান। নারীদের এমন না-বলা অভিজ্ঞতা ও অনুভূতির কথা শোনার সুযোগ পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নতুন বক্তা মোহনা আফরিন মুন্নি ও লিজা আক্তারের অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে CAP-এর কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
‘ক্যান্সার নিয়ে ভয় নয়, সচেতনতাই হোক প্রতিরোধের প্রথম পদক্ষেপ’—এই স্লোগানকে সামনে রেখে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্যান্সার প্রতিরোধে কাজ করছে CAP। এর ধারাবাহিকতায় স্কুল, কলেজ ও প্রত্যন্ত এলাকায় নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সংগঠনটি।
এসআর