পরিবেশ দূষণ রোধ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব।
‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ নামের এ আয়োজনটি দুই দিনব্যাপী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নিতে পারবেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এর ব্যবহার কমানোর পাশাপাশি ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ চালিয়ে যেতে হবে।
তিনি জানান, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়েও এরই মধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে গাছের চারা নেওয়ার উদ্যোগটি পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। এতে প্লাস্টিক ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে আগ্রহও বাড়ছে।
ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ বলেন, প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষের প্রয়োজনীয়তা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্বন সিকোয়েস্ট্রেশনের জন্য অধিক পরিমাণে বৃক্ষরোপণ প্রয়োজন।
তিনি আরও বলেন, গত বছরের কর্মসূচিতে দেড় হাজারের বেশি চারা বিতরণ করা হয়েছিল। এবার দুই হাজারেরও বেশি চারা বিতরণের লক্ষ্য রয়েছে।
এসআর