বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মাদকের বিস্তার, ছাত্রলীগের অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সমাবেশে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রতিহত করা হবে।
ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, এসব বিষয়ে ছাত্রদল শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধেও সংগঠনটির অবস্থান কঠোর বলে জানান তিনি।
আরিফ হোসেন শান্ত আরও বলেন, মাদক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজে অপরাধ ও অস্থিরতা বাড়ায়। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তারা।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করা হবে না।
বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।
সংগঠনটির নেতারা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার হয়েছে।
এসআর