[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৭ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজনের পাশাপাশি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশেষ করে সুন্দরবন, উপকূলীয় অঞ্চল, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলকেন্দ্রিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসন সংকট, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব এবং মাঠপর্যায়ের গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন উপাচার্য।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে দেশের নীতি প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, সুন্দরবন, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বড় সুযোগ রয়েছে। এসব বিষয়ে প্রায়োগিক গবেষণার মাধ্যমে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

রাষ্ট্রপতি আরও বলেন, গবেষণার মান ও কার্যকারিতা বাড়াতে পারলে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণাভিত্তিক নীতি-পরামর্শ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের সঙ্গে তাঁর বিভিন্ন স্মৃতির কথাও তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ৭ম সমাবর্তন আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসআর

সম্পর্কিত খবর