[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

কুবিতে ২ কোটি ৭০ লাখ টাকায় হচ্ছে ‘ইনোভেশন হাব’

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৫ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও উদ্যোক্তা কার্যক্রমকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্থাপন করা হচ্ছে ‘ইনোভেশন হাব’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি)’ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হাবটি চালু হলে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা, আইটি প্রকল্প, উদ্যোক্তা উদ্যোগ ও স্টার্টআপ নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

একই সঙ্গে ব্যবসায়িক ধারণার সম্ভাব্যতা যাচাই ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়তাও পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রকৌশল অনুষদের পঞ্চম তলায় প্রায় ৪ হাজার ২৪০ বর্গফুট জায়গায় ইনোভেশন হাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ কাজ শেষ হয়েছে।

হাবটির ত্রিমাত্রিক নকশাও প্রস্তুত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। টেন্ডার সম্পন্ন হওয়ার পর ছয় মাসের মধ্যে হাবটি স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে সংশ্লিষ্টদের।

ইনোভেশন হাবে শিক্ষার্থীদের জন্য থাকবে কো-ওয়ার্কিং স্পেস, ফেব্রিকেশন (ফ্যাব) ল্যাব, মিটিং রুম, মেসেজিং চেয়ার, মিনি অডিটোরিয়াম, গেমিং জোন ও কফি জোন।

পাশাপাশি ইনচার্জের জন্য আলাদা কক্ষ থাকবে। উদ্যোক্তা প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের ব্যবস্থাও রাখা হবে।

সংশ্লিষ্টরা জানান, হাবের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসায়িক ধারণা উন্নয়ন, দল গঠন, মেন্টরের সঙ্গে যোগাযোগ এবং শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন।

এর ফলে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, পণ্য উন্নয়ন, বিপণন ও অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা-কেন্দ্রিক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় শিক্ষামূলক উপকরণ ও পরিচালনাগত নির্দেশনাও দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসবের একটি অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। সেই ঘোষণার ধারাবাহিকতায় বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।

ডিইআইইডি প্রকল্পের ইনোভেশন ও কমার্শিয়ালাইজেশন বিশেষজ্ঞ সৈয়দ ফজলে ফারহান জানান, কুমিল্লায় প্রকল্পটির প্রথম ধাপের কাজ শুরু হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এর সম্প্রসারিত দ্বিতীয় ধাপ বাস্তবায়নের সুযোগ রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে ইনোভেশন হাব স্থাপনের কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. মেহেদী হাসান বলেন, হাব স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় নথিপত্র ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইতোমধ্যে স্থান পরিদর্শনও করেছেন। দ্রুতই মন্ত্রণালয়ের উদ্যোগে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ইনোভেশন হাব চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম পাবেন।

এটি দ্রুত স্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ রাখছে।

এসআর

সম্পর্কিত খবর