[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

ফেব্রুয়ারিতে ইবির পঞ্চম সমাবর্তন, অপেক্ষার অবসান

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিকভাবে ১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একটি দিনকে সমাবর্তনের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাৎ শেষে উপাচার্য এ তথ্য জানান।

সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির ১, ২ ও ৩ তারিখের মধ্যে একটি দিন চূড়ান্ত করে সমাবর্তন আয়োজন করা হবে।

তারিখ নির্ধারণের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের যোগ্য গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

দীর্ঘদিন ধরে পঞ্চম সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা।

সম্ভাব্য সময়ের কথা জানাজানি হওয়ার পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালের ২৭ এপ্রিল প্রথম, ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর দ্বিতীয় এবং ২০০২ সালের ২৮ মার্চ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০১৮ সালের ৭ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর তত্ত্বাবধানে ওই সমাবর্তন আয়োজন করা হয়েছিল।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পঞ্চম সমাবর্তন নিয়ে বিভিন্ন সময়ে আশ্বাস মিললেও তা বাস্তবায়িত হয়নি।

এবার প্রায় আট বছর পর ফের সমাবর্তন আয়োজনের প্রক্রিয়া শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দীর্ঘ প্রতীক্ষার অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর