হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় টিএসসিতে শিক্ষার্থীদের বাড়তি উপস্থিতির বিপরীতে পর্যাপ্ত চেয়ার না থাকায় বসার জায়গার সংকট তৈরি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে টিএসসিতে গিয়ে দেখা যায়, অ্যাকাডেমিক কাজ, প্রজেক্ট, গ্রুপ স্টাডিসহ বিভিন্ন প্রয়োজনে সেখানে শিক্ষার্থীদের ভিড় রয়েছে।
কিন্তু তুলনামূলকভাবে বসার ব্যবস্থা কম থাকায় অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ জায়গা না পেয়ে মেঝেতে বিছানো কার্পেটেই বসে কাজ করছেন।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে গরমের তীব্রতা বৃদ্ধি এবং ক্যাম্পাসসংলগ্ন মেসগুলোতে লোডশেডিংয়ের কারণে টিএসসিতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।
শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ করতে অনেকেই টিএসসিকে বেছে নিচ্ছেন। লাইব্রেরিতে জায়গা না পাওয়া শিক্ষার্থীদেরও একটি অংশ সেখানে বসে পড়াশোনা করছেন।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কার্যক্রমও টিএসসিকেন্দ্রিক হওয়ায় দিনের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের চাপ আরও বাড়ছে।
প্রায় এক বছর আগে পুরো টিএসসি শীতাতপনিয়ন্ত্রিত করা এবং পুরোনো টেবিল পরিবর্তন করে নতুন টেবিল দেওয়ার পরও শিক্ষার্থীদের বাড়তি চাপ বিবেচনায় চেয়ার বা আসনসংখ্যা বাড়ানোর তেমন উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে সাম্প্রতিক সময়ে বসার জায়গার সংকট আরও প্রকট হয়েছে।
টিএসসিতে আসা শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, এসি থাকায় বিভিন্ন কাজে শিক্ষার্থীরা টিএসসিতে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এতে আগের তুলনায় এখানে শিক্ষার্থীদের চাপ বেড়েছে। জায়গা পাওয়ার জন্য অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী বলেন, টিএসসিতে চেয়ার সংকট আগে থেকেই ছিল।
তবে শীতাতপনিয়ন্ত্রিত হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
বিশেষ করে মেসে লোডশেডিং হলে অনেকেই টিএসসিতে চলে আসেন। ফলে সেখানে পৌঁছেও অনেক সময় বসার জায়গা পাওয়া যায় না। অন্তত ১৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
চেয়ার সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান।
তিনি বলেন, টিএসসিতে নতুন চেয়ার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে তার আগে বিভিন্ন হলের কক্ষে থাকা টিএসসির চেয়ারগুলো ফেরত আনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে দ্রুত হল সুপারদের নির্দেশনা দেওয়া হবে।
অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, হলগুলোতে থাকা টিএসসির চেয়ারগুলো ফেরত আনা সম্ভব হলে সংকট অনেকটাই কমে আসবে। এ কাজে শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।
এসআর