দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনের জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা প্রশাসনের একটি সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ২০২৪ খ্রিষ্টাব্দে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন নিয়ে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে।
তবে আগের ব্যবস্থার কিছু বিষয় সংশোধন করে এতে নতুন বিধান যুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নীতিমালাটি প্রকাশ করা হতে পারে।
নতুন নীতিমালায় পরিচালনা কমিটিতে সদস্য হওয়ার ক্ষেত্রে এলাকার সীমাবদ্ধতা কিছুটা শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, নিজ উপজেলার বাইরের ব্যক্তিরাও কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দেশের যেকোনো উপজেলা থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া গেজেটভুক্ত কর্মকর্তাদেরও পরিচালনা কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগের ব্যবস্থায় কমিটির জন্য মনোনয়নের ক্ষেত্রে নিজ উপজেলার বাইরে যাওয়ার সুযোগ ছিল না।
এদিকে পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৭ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের কথা জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো ওই চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়।
তবে বোর্ডের নির্দেশনার পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানকে নতুন করে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
অ্যাডহক কমিটি গঠনের পর নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কমিটি গঠনের সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর