আর্থিক অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, সংগঠনের পরিচয়ের অপব্যবহার, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জবিরিইউ জানিয়েছে, কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য লিখিতভাবে অনাস্থা প্রকাশ করেন এবং অন্য সদস্যদের সম্মতিতে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি, অনুমোদন ছাড়া সংগঠনের প্যাড ব্যবহার এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টার অভিযোগ ওঠে।
এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, তিনি সংগঠনের পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। পাশাপাশি কয়েকজন আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার অভিযোগও উত্থাপিত হয়েছে। সংগঠনের দাবি, এসব কর্মকাণ্ড তাদের গঠনতন্ত্র ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
জবিরিইউ জানায়, একই ধরনের অভিযোগে এর আগে তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। প্রথম নোটিশের জবাবে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং নিজের মানসিক সমস্যার কথা উল্লেখ করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আরেকটি সুযোগ দেওয়া হলেও দ্বিতীয় নোটিশের কোনো জবাব তিনি দেননি এবং অভিযোগ অনুযায়ী বিতর্কিত কর্মকাণ্ড থেকেও বিরত থাকেননি।
এসব বিষয় পর্যালোচনা করে উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে কার্যনির্বাহী কমিটি তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারের পর থেকে মো. জাহাঙ্গীর আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নাম, লোগো, প্যাড বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের নাম ব্যবহার করে ভবিষ্যতে কোনো ধরনের সুপারিশ, যোগাযোগ বা আর্থিক-অনার্থিক লেনদেনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়া তার সঙ্গে সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো লেনদেন করলে তার দায়ভার জবিরিইউ বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআর