গণভোটের ফলাফল বাতিলের আশঙ্কার প্রতিবাদ এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এতে শাখা ছাত্রশিবির, ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত ছাত্র মজলিসসহ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণরায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
একাধিক বক্তা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যবহার করা হয়েছে।
তাদের মতে, বর্তমান প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংবিধান প্রণয়নের জন্য সংস্কার প্রক্রিয়া জরুরি।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
তারা গণভোটের ফলাফলের যথাযথ মূল্যায়ন এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে আয়োজকরা সরকারকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: