[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

ঝিনাইগাতী স্কুলে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি, বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান, খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে প্রায় ৫৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে একটি পরিত্যক্তসহ মোট চারটি ভবন রয়েছে।

এখানে ২২৭ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীরা পড়াশোনা ও খেলাধুলায় ভালো করলেও বর্ষা মৌসুম এলেই মাঠে পানি জমে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়।


সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টির পরই বিদ্যালয়ের মাঠ পানিতে ভরে যায়। অনেক ক্ষেত্রে দুই-তিনটি শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ে। ফলে এক ভবন থেকে অন্য ভবনে চলাচল কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের পানি মাড়িয়ে ক্লাসে যেতে হচ্ছে, এমনকি পানির মধ্যে বসেই পাঠ গ্রহণ করতে দেখা গেছে।


চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, মাঠে পানি জমে থাকায় খেলাধুলা করা যায় না। অনেক সময় পানির মধ্যেই ক্লাস করতে হয়, এতে মশার উপদ্রবও বাড়ে।


অভিভাবকরা বলছেন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই বিদ্যালয়ে এখনও আধুনিক অবকাঠামোর অভাব রয়েছে। প্রতি বছর একই সমস্যা দেখা দিলেও স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম জানান, ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায় এবং চলাচল ব্যাহত হয়। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়, কারণ তারা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

তিনি বলেন, শুধু মাঠ উঁচু করলে হবে না—নতুন ভবন নির্মাণসহ সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।


উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন জানান, মাঠ ভরাট ও জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ পাওয়া গেছে এবং দ্রুত কাজ শুরু করা হবে। পাশাপাশি নতুন ভবন নির্মাণের প্রস্তাবও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর