বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস করার সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। সংগঠনের সভাপতি এ কে
এম আশরাফুল হক এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম ঝুঁকির মুখে পড়বে।
অনলাইন ক্লাসের বিপক্ষে যুক্তি দিয়ে অভিভাবকরা জানান, সামনেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল শুরু হতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ করলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধস নামবে।
এছাড়া করোনাকালীন অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, সরাসরি শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়া অনলাইন ক্লাস ছোটদের জন্য কার্যকর নয়। পাশাপাশি উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের বাড়তি খরচ এবং কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের তদারকি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অভিভাবক ফোরাম চারটি বিকল্প প্রস্তাবনা পেশ করেছে। তাদের প্রথম প্রস্তাব হলো ‘৩+৩ মডেল’ (৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন) বাতিল করে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস নেওয়া এবং বাকি তিন দিন স্কুল সম্পূর্ণ বন্ধ রাখা।
এতে যাতায়াত খরচ ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ—উভয়ই সাশ্রয় হবে। এছাড়া স্কুলের প্রতিদিনের কার্যঘণ্টা কিছুটা কমিয়ে আনা, শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সংকটে ফেলা অনুচিত। ফোরামের পক্ষ থেকে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: