৫০তম বিসিএসের লিখিত পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে Bangladesh Public Service Commission (পিএসসি)।
রোববার (১৫ মার্চ) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
এরপর কারিগরি ও পেশাগত কিংবা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৭ মে। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একই সময়ে এসব পরীক্ষা আয়োজন করা হবে।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধাপে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক বা ব্যাগ আনা যাবে না। পাশাপাশি চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো সামগ্রীও বহন করা নিষিদ্ধ। এসব জিনিস সঙ্গে থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থাও রাখা হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো শুরু হয়েছে।
এছাড়া পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে চিকিৎসাজনিত কারণে কেউ শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করতে চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের লিখিত অনুমতি নিতে হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে এবং কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধ করতেই এসব কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: