[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ল ১০.৫৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাইয়ে কিছুটা কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে।

গত মাসে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় ৩ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে যুক্তরাজ্যে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

 

ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধি হওয়ায় সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে যায়।

 

প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে পুরো বছরে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ওই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

 

সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় আগের অর্থবছরের গড়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। একই সময়ে মাত্র দুই মাসে গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ সমপরিমাণ আয় হয়েছে।

 

ইপিবি বলছে, আগস্টের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি কার্যক্রমে গতি ধরে রাখতে ভূমিকা রেখেছে।

 

বাংলাদেশের তৈরি পোশাকের জন্য যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারগুলোর একটি। তাই অর্থবছরের পরবর্তী সময়েও সেখানে রপ্তানি বাড়ার ধারা বজায় থাকলে দেশের সামগ্রিক পোশাক রপ্তানি আয়ে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এসআর

সম্পর্কিত খবর