বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৪ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলার।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা সর্বশেষ ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ নীতির সম্ভাব্য দিকনির্দেশনা পর্যালোচনা করছেন। এর মধ্যে জ্বালানি তেলের দাম কমা ও মার্কিন ডলারের দরপতন স্বর্ণের চাহিদায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্ববাজারের পাশাপাশি কয়েক দফা মূল্য কমার পর বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। ফলে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বাজারে ওই মূল্যেই স্বর্ণ বিক্রি হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এসআর