যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি ভবিষ্যতে তা
আরও বৃদ্ধির ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪,২৯৫.২৬ ডলারে পৌঁছায়, যা আগের দিন লেনদেনের একপর্যায়ে ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার বাজারে স্বর্ণের দাম ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৩৩.৯০ ডলারে স্থির হয়েছে। বিশ্লেষক কেলভিন ওং-এর মতে, ফেডের কঠোর আর্থিক নীতির বার্তা বাজারে ইতোমধ্যেই প্রভাব ফেলেছে এবং তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
সাধারণত মূল্যস্ফীতি মোকাবিলার হাতিয়ার হলেও সুদহার বৃদ্ধির কারণে বিকল্প সুদনির্ভর সম্পদ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সম্প্রতি ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শসহ নীতিনির্ধারকদের সংখ্যাগরিষ্ঠ অংশ চলতি বছরের শেষে আবারও অন্তত ০.২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন, যার পাশাপাশি ব্যাংক অব ইংল্যান্ডেরও সুদহার নীতি পর্যালোচনা পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে; স্পট মার্কেটে রুপা ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৭৩ ডলার, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ১,৭৮৩.৫৬ ডলার এবং প্যালাডিয়াম ২.২ শতাংশ বেড়ে ১,২৯৬.৭০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ওমানের মাধ্যমে সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাবে তেলের বাজারে কিছুটা দরপতন দেখা গেছে।
ভূরাজনৈতিক পরিস্থিতিতেও বাজারের নজর রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সংঘাতের দ্রুত অবসানের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যদিও সৌদি আরব ও ইয়েমেনের হুথি যোদ্ধাদের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
এসআর