নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের বিধানসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
সরকারের সংশ্লিষ্ট বিভাগের মতে, সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে আসতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ে যে ঘাটতি রয়েছে, সেটিও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে সিগারেটের মূল্যসংক্রান্ত প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
এদিকে একই বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা দেওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ছয় মাস এ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্কসহ বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি সইয়ের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর।
চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসআর