[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৫ ৯:৪৯ এএম

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফারজানা ববি জানান, ১৮ মে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর, কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে একজন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেওয়ার অনুরোধ জানান।

প্রকৌশলী তাকে জানান, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর ২১ মে (মঙ্গলবার) বিকেলে গুলশান-২ এ নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে নেতাকর্মীরা অবস্থান নেন এবং ডিএনসিসি প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন, যা স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা দাবি করেছে, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর’-এর সঙ্গে সম্পৃক্ত, এমন অভিযোগ এনে তারা এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে প্রশাসকের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

 

এসআর

সম্পর্কিত খবর