রাজধানীর পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬ এলাকার পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলটি এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে।
আহত কর্মীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের বরাতে জানা যায়, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এ সময় সেখানে কর্মরত বাপনের শরীরে আগুন ধরে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের একজন কর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ/এইচ/টি