রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্তরা (৪) নামে একটি শিশু আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি হাজারীবাগের একটি জুতা ও লেদার কারখানায় কাজ করতেন। কিছুদিন কাজ ছেড়ে গ্রামের বাড়িতে অবস্থানের পর প্রায় এক মাস আগে আবার ঢাকায় ফিরে আগের কর্মস্থলে যোগ দেন তিনি।
স্বজন মো. সুমন জানান, বৃষ্টির মধ্যে রিয়াজ ও তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা ভবনের ছাদে গিয়েছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অন্তরা বর্তমানে স্থানীয় ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য রিয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে হাজারীবাগ থানা-পুলিশ তদন্ত করছে।
এসআর