গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মীদের বহন করা একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে গুলির মুখে টাকাভর্তি দুটি বস্তা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
আহত ক্যাশ ম্যানেজার হিমেল (৩৫) মাওনা অঞ্চলে কর্মরত। তাঁর পেটে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।
ভুক্তভোগী কর্মীদের ভাষ্য অনুযায়ী, নরসিংদীর বিভিন্ন এজেন্টের কাছ থেকে দিনভর প্রায় চার কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে তিনটি প্লাস্টিকের বস্তায় টাকা ভরে প্রাইভেটকারে করে মাওনার দিকে রওনা হন তিন কর্মকর্তা। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গাড়িটি কর্ণপুর এলাকার নির্জন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের পথ আটকায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা গাড়ির কাচ ভেঙে ক্যাশ ম্যানেজার হিমেলকে গুলি করে। এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে অন্যদের রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গাড়ির পেছনে রাখা তিন বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ছিনিয়ে নেওয়া অর্থের পরিমাণ আনুমানিক আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, আহতদের মধ্যে একজনের পেটে গুলির গভীর ক্ষত ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজনকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বিপুল পরিমাণ অর্থ পরিবহনের আগে পুলিশকে অবহিত করা হয়েছিল কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বড় অঙ্কের টাকা স্থানান্তরের বিষয়ে বিকাশ কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চায়নি। নরসিংদী, কাপাসিয়া ও শ্রীপুর—কোনো থানাকেই এ বিষয়ে জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এবং ছিনিয়ে নেওয়া অর্থের সঠিক পরিমাণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
এসআর